
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নবম শ্রেণিপড়ুয়া ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে বোয়ালখালী থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার তিনজন হলেন পূর্ব গোমদন্ডী রোয়াইপাড়ার বাসিন্দা এমরান হোসেন (১৯), পূর্ব গোমদন্ডী বহদ্দার পাড়ার সানি উল্লাহ আলী ওরফে রিমন (২০) ও উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সিএনজিচালিত অটোরিকশাচালক মো. কামাল উদ্দিন (২৬)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান ওই কিশোরীর বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে ওই ছাত্রী বাসার পাশের একটি দোকানে আগে কেনা বই পাল্টে আনতে যায়। এ সময় রাস্তা থেকে অভিযুক্ত ব্যক্তিরা ওই কিশোরীকে রিকশায় তুলে পশ্চিম শাকপুরা এলাকায় নিয়ে যান। রাত ১২টার দিকে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। এরপর ওই কিশোরী নিজেই ঘরে ফিরে আসে।
মো. তারিক রহমান আরও বলেন, ভোরে কিশোরী ও তার মা বোয়ালখালী থানায় আসেন। এরপর তার মা বাদী হয়ে মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান তারিক রহমান।