সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম জিন্নাহ মণ্ডল (৪০)। তিনি বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নান্দিনা মধু গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।
জিন্নাহ উপজেলার নান্দিনা মধু গ্রামের হবিবুর মণ্ডলের ছেলে।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) খোদা নেওয়াজ বলেন, জিন্নাহ রাতে বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এরপর তাঁকে পার্শ্ববর্তী খালের কাছে নিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত।
খোদা নেওয়াজ জানান, আজ বুধবার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।