
রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী আবদুর রশিদ (৩৫) হত্যা মামলায় আমিনুল ইসলাম ওরফে জাপানি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র জমা দেয় দক্ষিণখান থানা-পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি জাপানি হান্নানসহ ১৩ আসামি পেশাদার চাঁদাবাজ এবং সন্ত্রাসী দলের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে মারধরসহ চাঁদা আদায় করে আসছিলেন। মামলার বাদী হারুন অর রশীদের মামা সৌদিপ্রবাসী সোহেল দক্ষিণখানের আইনুছবাগে ১৫ বছর আগে তিন কাঠা জমি কেনেন। গত বছরের ২১ মার্চ ওই জমির সীমানাদেয়াল দেওয়ার জন্য সেখানে সিমেন্ট, বালি ও ইট রাখেন। তবে আসামিরা সেখান থেকে সিমেন্ট, বালি ও ইট নিয়ে যান।
অভিযোগপত্রে আরও বলা হয়, সিমেন্ট, বালি ও ইট নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত বছরের ২৪ মার্চ প্রকাশ্যে জাপানি হান্নান আগ্নেয়াস্ত্র দিয়ে বাদী হারুনের ভাই আবদুর রশীদকে গুলি করেন। পরে গুলিবিদ্ধ রশীদকে স্থানীয় কেসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবদুর রশিদ রড-সিমেন্টের ব্যবসা করতেন।
অভিযোগপত্রভুক্ত ১৩ আসামি হলেন আমিনুল ইসলাম ওরফে জাপানি হান্নান, ইকরামুল ইসলাম, শফিকুল ইসলাম, আল আমিন, জহিরুল ইসলাম, খোরশেদ আলম, মোশাররফ হোসেন, নুর নবী, সবুজ, হাবিবুর রহমান, সজল, ধলা মিয়া ও আবদুল মালেক।