ভিজিএফের চাল বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়িউরি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিজিএফের চাল বিতরণ নিয়ে গত শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম ইসলাম উদ্দিন (২২)। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার বড়িউরি ইউপির সুবিধাভোগীদের মধ্যে গত শুক্রবার ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন একই এলাকার ইসলাম উদ্দিন। একপর্যায়ে বড়িউরি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমানের লোকজনের সঙ্গে ইসলাম উদ্দিনের আত্মীয়স্বজনের সংঘর্ষ বেধে যায়। দুপক্ষের লোকজন লাঠিসোঁটা, বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের আঘাতে ইসলাম উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় চেয়ারম্যান হাবিবুর রহমানসহ আরও ১৫ থেকে ১৬ জন আহত হন। নিহত ইসলাম উদ্দিনের বাড়ি একই উপজেলার হলদারপুর গ্রামে।