মঠবাড়িয়ায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ৩

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আরিফুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে মারধর ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহত আরিফুল ইসলামের মা মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের জহিরুল ইসলামকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ মামলার এজাহারভুক্ত তিন আসামি ঝাটিবুনিয়া গ্রামের মাইনুল ইসলাম (২২), ইউসুফ মিয়া (৩০) ও পূর্ব সাপলেজা গ্রামের মলয় বিশ্বাসকে (৩২) গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে আরিফুল ইসলাম পার্শ্ববর্তী এক কিশোরীর সঙ্গে দেখা করতে যায়। ওই মেয়েটি আরিফুল ইসলামের পরিচিত। এ সময় স্থানীয় জহিরুল ইসলাম, মাসুম, মাইনুলসহ কয়েকজন যুবক আরিফুলকে মারধর করেন। তাঁরা আরিফুলকে স্থানীয় গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আরিফুলকে নিয়ে যান তার মা ও খালা। বিকেলে আরিফুল বিষাক্ত বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরিফুল।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে অাজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত আরিফুল লাশের ময়নাতদন্ত পিরোজপুর সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।