
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে মফিজুল ইসলাম সরদার (৪৮) নামের এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে উপজেলার কিছমত গড়ঘাটা গ্রামে তিনি খুন হন।
পুলিশ বলছে, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মফিজুল ও তাঁর ভাই তাইজুল সরদার নামাজ আদায়ের জন্য গতকাল সন্ধ্যায় মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে আসাদ সরদার নামের এক ব্যক্তি মফিজুলের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মফিজুলের পরিবারের বারত দিয়ে ওসি বলেন, স্থানীয় সুপারির বাগান কিনে ব্যবসা করতেন মফিজুল। বাগানের সুপারি চুরিসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।