রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে আফজাল সরদার নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮ ফরিদপুরের উপ-অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু আবাসিক হোটেল ব্যবসায়ী গোপনে মাদক ব্যবসা করছেন বলে অভিযোগ আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন র্যাব সদস্য ক্রেতা সেজে সাকিল বোর্ডিংয়ে যান। এ সময় আফজাল সরদার তাঁদের কাছে ইয়াবা বড়ি বিক্রি করলে তাঁকে আটক করা হয়। আফজালের প্যান্টের পকেট থেকে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০৫টি ইয়াবা বড়ি ও দুই হাজার ৭৪ টাকা উদ্ধার করা হয়।