রংপুর নগরের ভুরারঘাট এলাকায় মাদক ব্যবসার অভিযোগে গত রোববার আমিনুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। রংপুর র্যাব-১৩-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াতের ভাষ্যমতে, গত রোববার রাতে র্যাব সদস্যরা নগরের ভুরারঘাট এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলামের বাড়ি থেকে ২৩ হাজার ৩০০টি ইয়াবা বড়ি ও ৮৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। আমিনুল দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।