
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনের আপিল নিষ্পত্তি করেছেন আদালত। তিনি মারা যাওয়ায় আপিলের নিষ্পত্তি করা হয়। এ ছাড়া মামলার আরেক আসামি বিল্লাল হোসেন বিশ্বাস মারা যাওয়ায় তাঁর আপিলটিও নিষ্পত্তি করা হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগ আজ বুধবার এ–সংক্রান্ত আদেশ দিয়েছেন।
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, সাখাওয়াত ও বিল্লাল হোসেন মারা গেছেন। তাঁদের আপিল অ্যাবেটেড বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ, মারা যাওয়ায় তাঁদের আপিলের পরিসমাপ্তি হলো।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৬ সালের ১০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড, বিল্লালসহ সাত আসামির আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। ওই মামলায় আট আসামির মধ্যে ট্রাইব্যুনালের রায়ের সময় সাখাওয়াত ও বিল্লাল হোসেন গ্রেপ্তার ছিলেন। এ ছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৬ সালে সাখাওয়াত জেল আপিল ও নিয়মিত আপিল এবং বিল্লাল জেল আপিল করেন। এসব আবেদন আজ আদেশের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। এর আগে আপিল বিচারাধীন অবস্থায় ২০১৮ সালে বিল্লাল ও ২০২১ সালে সাখাওয়াত হোসেন মারা যান।