বগুড়ার শেরপুর পৌর শহরের বৈকাল বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি দোকানের তালা ভেঙে মালামাল চুরি করা হয়েছে। গত সপ্তাহে একই কৌশলে এ বাজারের আরও দুটি মুদি দোকানে চুরির চেষ্টা করা হয়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান বলেন, প্রতিরাতেই শহরের বিভিন্ন বাড়িতে ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। তবে শহরে সারা রাত পুলিশি টহল থাকার পরও পৌর শহরের মূল সড়ক-সংলগ্ন দোকানে চুরির ঘটনায় বৈকাল বাজার এলাকাসহ স্থানীয় বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা চিন্তিত। এ প্রসঙ্গে শেরপুর শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাজ্জাদ হোসেন বলেন, অন্য উপজেলায় তাঁর ফাঁড়ির পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্বে থাকায় বৃহস্পতিবার রাতে শহরে তেমন কোনো পুলিশ সদস্য ছিলেন না।