মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় প্রতিপক্ষের লোকজন গুলি করে নূর ইসলাম (১৮) নামের এক তরুণকে হত্যা করেছে। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ডিঙ্গাভাঙ্গা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে জামাল ও কাজল গ্রুপ। মাদক ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে কয়েক দিন আগে জামালকে মারধর করেন কাজল। এরই মধ্যে একটি চোরাই মোটরসাইকেল বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে জামাল ও কাজল গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার জামালের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন অস্ত্রশস্ত্র নিয়ে ডিঙ্গাভাঙ্গা পোদ্দারবাড়িতে নূর হোসেনের বাড়িতে হামলা করেন। এ সময় ওই বাড়িতে কাজল অবস্থান করছিল। কাজল ও নূর হোসেন বন্ধু ছিল। এ সময় কাজল পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।
একপর্যায়ে জামাল পিস্তল দিয়ে নূর ইসলামের মাথা ও গলায় গুলি করে। এতে নূর ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে নূর ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই নূর ইসলামের বাবা মোহন পোদ্দার জামাল ও মুকুলসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।