নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এ সব নেতা-কর্মীরা আবার কেন্দ্রীয় যুবদল নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর গোলাকান্দাইল এলাকার বাড়িতে গিয়েও ভাঙচুর করে। পরে এ ঘটনার জন্য ওই যুবদল নেতার বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ।
আজ বুধবার এই হামলার ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
রূপগঞ্জ উপজেলা যুবদল সভাপতি গোলাম ফারুক বলেন, আজ দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে একটি র্যালি বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোল চত্বর ঘুরে গোলাকান্দাইলে মোস্তাফিজের বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ভেতর থাকা মোস্তাফিজের ব্যক্তিগত দুটি জিপ, একটি যাত্রীবাহী বাস, র্যালিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের ৪০টি মোটরসাইকেল, বাড়ির আসবাবপত্র এবং জানালার কাচ ভাঙচুর করে। এ হামলায় যুবদল নেতা মাছুম মেম্বার, ছাত্রদল নেতা রাকিব, যুবদল নেতা সালাউদ্দিন ও নুর বক্সসহ অনেক নেতা-কর্মী আহত হন।
পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ হামলা হলেও তাঁরা দর্শকের ভূমিকা পালন করেন বলে তিনি অভিযোগ করেন।
ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, যুবদলের র্যালি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে নানা স্লোগান দেওয়া হয়েছে। এ জন্য উত্তেজিত জনতা ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বাড়িঘরে হামলা-ভাঙচুরের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ জড়িত নয়।
ঘটনার পর পরই আওয়ামী লীগের স্থানীয় সাংসদ গোলাম গাজী দস্তগীর মোস্তাফিজের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘উত্তেজনাবশত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা শান্তির রাজনীতি করি। শান্তির মাধ্যমে আমরা যদি এগোই তবে দেশ এগিয়ে যাবে। সমস্যা যাতে আর না বাড়ে সে জন্যই এখানে এসেছি এবং যাতে শান্তি বজায় থাকে। অনেক সময় নিজ দল বা বিরোধী দল বা প্রতিবেশীর সঙ্গেও দ্বন্দ্ব হতে পারে। আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি; সমস্যা মেটানোই আমার দায়িত্ব।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।