যুবলীগ নেতার ওপর হামলা

কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় গতকাল রোববার বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অস্ত্রের আঘাতে রুহুল আমিন গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে যুবলীগের কর্মী-সমর্থকেরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রুহুল আমিন বলেন, ‘বাস টার্মিনাল এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্বে ১৫-১৬ জন রিভলভার, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আমার ওপর হামলা চালান। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।’
এ ব্যাপারে মমিনুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।