রাজবাড়ী থেকে দুই ছেলেসন্তানসহ অপহৃত এক নারীকে পাবনা থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লার একটি বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) তাঁদের উদ্ধার করে।
উদ্ধার করা ব্যক্তিরা হলেন: রাজবাড়ীর পাংশা উপজেলার মিরকীডাঙ্গা গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী কুলসুম আক্তার (২৭) ও তাঁদের দুই ছেলে কাওসার হোসেন (৮) ও কাজমীর হোসেন (৬)।
র্যাব সূত্রে জানা গেছে, ৩ আগস্ট রাত ১১টার দিকে সাত-আটজন অপহরণকারী আলাউদ্দিনের বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে অপহরণ করে। অপহরণের পর থেকে আলাউদ্দিনের মুঠোফোনে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ৫ আগস্ট আলাউদ্দিন এ ব্যাপারে পাংশা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন এবং ঘটনাটি র্যাবের স্থানীয় ক্যাম্পকে জানান। মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে র্যাব অপহরণকারীদের পাবনা অবস্থান করার কথা জানতে পারে। র্যাব-১২ পাবনা ক্যাম্প বিষয়টি জানার পর জেলা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লার ওই বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই মহল্লার আবদুস ছাত্তার নামের এক ব্যক্তির বাড়ির পঞ্চমতলার একটি কক্ষে ওই নারী ও তাঁর দুই সন্তানকে আটক রাখা ছিল। অভিযান টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।