রাজশাহীতে জঙ্গি সন্দেহে আটক ৩

রাজশাহীর বাগমারা থানার পুলিশ জঙ্গি সন্দেহে আজ বৃহস্পতিবার তিনজনকে আটক করেছে। তাঁদের মধ্যে দুজন ইসলামী ছাত্রশিবিরের ও একজন জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন শিবিরের বাগমারা উপজেলা শাখার সাবেক সভাপতি কোরবান আলী (২৫), সমর্থক সফিকুল ইসলাম (২৫) ও জেএমবির সদস্য মামুনুর রশিদ (৪২)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, আজ ভোরে অভিযান চালিয়ে ভবানীগঞ্জ এলাকা থেকে কোরবান আলী ও সফিকুল ইসলামকে আটক করা হয়। তাঁরা ভবানীগঞ্জের চানপাড়া এলাকায় বাড়ি ভাড়া করে বসবাস করছিলেন। তাঁদের মধ্যে কোরবান আলীর বাড়ি জেলার পুঠিয়া উপজেলার হারুগাছি গ্রামে এবং সফিকুল ইসলামের বাড়ি দুর্গাপুর উপজেলার দুর্গাপুর গ্রামে। লেখাপড়ার সুবাদে তাঁরা বাগমারায় বসবাস করতেন। তখন শিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়েন।

ওসি আরও বলেন, আজ দুপুরে ভবানীগঞ্জ এলাকা থেকে মামুনুর রশিদকে আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি সব কটি মামলায় জামিনে রয়েছেন।