নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খৈসাইর এলাকায় আওয়ামী লীগের সমর্থক নুরুজ্জামানের সঙ্গে অপর সমর্থক সাত্তার মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বেলা একটার দিকে নুরুজ্জামান ও তাঁর লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাত্তার মিয়ার লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে সাত্তার মিয়ার লোকজনও পাল্টা নুরুজ্জামানের লোকজনের ওপর হামলা চালান।
এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।