
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেলপথের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে উপজেলার বাড়াকান্দি এলাকায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির পায়ের পাতায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।