কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জিসান আহমেদ (২৬)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত আবু বকরের ছেলে।
পুলিশের দাবি, জিসানের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২৯টি মামলা রয়েছে।
দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হকের ভাষ্য, জিসান ঢাকা থেকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। রাত পৌনে দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি এলাকায় পৌঁছালে র্যাব-১১-এর একটি টহল দল থামতে সংকেত দেয়। জিসান সংকেত উপেক্ষা করে চলে গেলে র্যাবের সন্দেহ হয়। তারা দাউদকান্দির পুটিয়া এলাকায় র্যাবের আরেকটি টহল দলকে বিষয়টি জানায়। জিসান পুটিয়া পৌঁছালে ওই দলটি তাঁকে থামার সংকেত দিলে তিনি র্যাব সদস্যদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।
জিসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি এবং তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। জিসানের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে এনামুল হক জানান।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।