
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের আমিরবাদ থেকে অপহৃত মো. আয়মন নামের ছয় বছরের এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় লোহাগাড়া থানার পুলিশ কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে আয়মন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে শাহাদাত হোসেন (৩৫) নামের এক ব্যক্তির পরিচয় হয়। সেই সুবাদে শাহাদাত হোসেন সোমবার দুপুরের দিকে আয়মনদের আমতলীর বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের খাওয়া-দাওয়া শেষে মো. দেলোয়ার ছেলে আয়মনকে নিয়ে লোহাগাড়া সদরের আমিরবাদে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় শাহাদাত হোসেনও তাঁদের সঙ্গে আমিরবাদে চলে আসেন। ছেলে আয়মনকে শাহাদাত হোসেনের কাছে রেখে দেলোয়ার ক্লিনিকে ঢোকেন চিকিৎসকের সিরিয়াল নম্বর জানার জন্য। এ সময় শাহাদাত শিশু আয়মনকে নিয়ে কক্সবাজারে চলে যান।
লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জুনাইদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সোমবার বেলা আড়াইটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ থেকে আয়মন অপহৃত হয়। অপহরণকারী আয়মনের বাবার কাছে প্রথমে দুই হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। দুই হাজার টাকা বিকাশে পাঠানোর পর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বিকেলের দিকে আবারও ফোন করে ১৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দিন রাত আটটার দিকে আয়মনদের এলাকার দুই কিশোর কলাতলীতে অপরিচিত এক ব্যক্তির সঙ্গে আয়মনকে হাঁটতে দেখে স্থানীয় দোকানিদের বিষয়টি জানায়। পরে স্থানীয় দোকানিরা আয়মনসহ শাহাদাত হোসেনকে আটক করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের হাতে তুলে দেন।
লোহাগাড়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় দোকানিদের সহযোগিতায় শিশু আয়মনকে কলাতলী ডলফিন মোড় থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী শাহাদাত হোসেনকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আয়মনের বাবা মো. দেলোয়ার বাদী হয়ে থানায় মামলা করেছেন।