যশোরের শার্শা উপজেলার দৌলতপুর সীমান্তে আজ সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের পরে তিনি হাসপাতাল ছেড়ে চলে যান।
শরিফুল ইসলামের বাড়ি শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে।
শরিফুলের ভাই আতাউর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, শরিফুল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ব্যাপারে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘গুলির বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অস্বীকার করেছে। বিজিবির প্রতিনিধি হাসপাতালে গিয়ে শরিফুলকে পায়নি। তাঁর বাড়িতে গেলেও ঘরের দরজা তালাবদ্ধ পাওয়া যায়।’