শাহজালালে সোনার ৯টি বারসহ নারী যাত্রী গ্রেপ্তার

মোর্শেদা বেগম
ছবি: সংগৃহীত

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকালে সোনার ৯টি বারসহ মোর্শেদা বেগম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দারা বলেছেন, উদ্ধার করা সোনার ওজন এক কেজি। দাম প্রায় ৭৩ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন খবর আসে, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চট্টগ্রাম থেকে ওঠা এক নারী যাত্রীর কাছে উড়োজাহাজে এক কেজি সোনা হস্তান্তর করা হবে। ওই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি অবতরণ করলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দল বিমানে ওঠে। তাঁরা সন্দেহভাজন নারীকে তল্লাশি চালিয়ে তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি সোনার বার পান। পরে তাঁকে আটক করেন।

অভিযান পরিচালনাকারী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মোর্শেদা বেগম দাবি করেন, বিমানে ওঠার পর এক ব্যক্তি তাঁকে সোনার বারগুলো শাহজালাল বিমানবন্দরে আরেকজনকে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁর কাছে দেন। সোনার বার হস্তান্তর করা ব্যক্তিটিকে তিনি চেনেন না। মোর্শেদার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রাকুলে। তিনি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ওই ফ্লাইটে ওঠেন।

আহমেদুর রেজা বলেন, প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। মোর্শেদার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।