শেরপুরে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের হানা

বগুড়ার শেরপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয়ে গত সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা হানা দিয়েছে। কার্যালয়ের চারটি কক্ষের নয়টি আলমারি ও একটি সিন্দুক ভেঙে সব গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে তারা।
ওই কার্যালয়ে কর্মরত কয়েকজন বলেন, নথিপত্রের মধ্যে ভূমির রেকর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন মামলার ফাইলপত্র রয়েছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে পরিদর্শনে আসেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। এর আগে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, স্বার্থানেষী কোনো মহল তাঁর দপ্তরের গুরুত্বপূর্ণ ফাইল সরাতেই এমন কাজ করে থাকতে পারে।