মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরিপাড়ায় ডাকাতের গুলিতে তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতেরা এলাকার দুবাইপ্রবাসী আনিসুর রহমানের বাসায় ডাকাতি করে পালানোর সময় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মণিপুরীপাড়ার এরশাদ মিয়ার দুই ছেলে খালেক মিয়া (২৩) ও মালেক মিয়া (২১) এবং নুরজ্জামানের ছেলে ইসরাইল মিয়া (২১)। তাঁদের প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, সাত-আটজন মুখোশ পরা ডাকাত লোহার ফটকের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে। ডাকাতেরা আনিসুর রহমানের স্ত্রী মমতা বেগমের গলায় ধারালো অস্ত্র ধরে হার ও কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। ডাকাতেরা তাঁদের লক্ষ৵ করে ছররা গুলি ছুড়লে তাঁরা গুলিতে আহত হন।