কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রোববার বেলা তিনটায় সন্ত্রাসী শেফায়েত কামাল ওরফে সৌরভকে (৩৩) আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের সন্ত্রাসী রকি বাহিনীর অন্যতম গডফাদার হচ্ছেন এই সৌরভ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) এ কে এম মনজুর আলম বলেন, সন্ত্রাসী সৌরভকে সঙ্গে নিয়ে পুলিশ পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে। সৌরভের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লালন-পালনের পাশাপাশি চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।