নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি ওষুধ বিক্রির সময় এক স্বাস্থ্য সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা। গতকাল রোববার উপজেলার রাধানগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, রাধানগর বাজারে নিজের ওষুধের দোকানে কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জিন্নত আলী (৫০) সরকারি ওষুধ বিক্রি করে আসছিলেন। গতকাল বেলা ১১টার দিকে মোস্তফা নামের স্থানীয় একজন তাঁর দোকানে ওষুধ কিনতে যান। এ সময় জিন্নত আলী সরকারি ওষুধ বিক্রি করছেন। এ ঘটনা শুনে স্থানীয় কয়েকজন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় ওই দোকান থেকে বিভিন্ন ধরনের সরকারি ওষুধ উদ্ধার ও জিন্নতকে গ্রেপ্তার করে পুলিশ।