
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় হেফাজতে ইসলামের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রাকিব মিয়া (২০), একই গ্রামের হোসাইন মুন্না (২০) ও পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের মো. ছোটন মিয়া (১৮)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৩১ মার্চ খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট মাইদুল ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা করেন। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া মামলাটিতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩-৪ হাজার জনকে।
মামলাটি তদন্ত করছেন সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। এ মামলায় এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি। বাকি ৪৯ জন সন্দেহভাজন।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোহাম্মদ আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।