
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শহরে গত সোমবার রাতে সন্ত্রাসীরা এক সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে হাতের হাড় ভেঙে দিয়েছে। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হামলার শিকার ব্যক্তির নাম মাহবুবুর রহমান চৌধুরী (৩২)। তিনি দৈনিক আজকের পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মাথার একাংশ ও ঘাড় জখম হয়েছে, বাম হাতের দুটো হাড় ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের একটি রেস্তোরাঁর সামনে কয়েকজন লোক মাহবুবুরের ওপর হামলা চালায়।