
পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নাম এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-সিটি) কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ২টি মুঠোফোন, ৪টি সিম কার্ড ও বিতর্কিত ভুয়া ফেসবুক পেজটিসহ ২৩টি ভুয়া ফেসবুক আইডি ও ৩২ টি জিমেইল আইডি জব্দ করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি দুজন হলেন—মারুফ হাসান ওরফে শ্রাবণ ওরফে তাজবীর খান ও মো. রওশন হোসেন।
অভিযান পরিচালনকারী সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড দলের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ফেসবুক গ্রুপ এবং পেজ সিটির নজরে আসে। সিটির কর্মকর্তারা দেখতে পান ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নাম এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। তারা সাইবার অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের আস্থা অর্জন করে এবং পরে সহযোগিতার নামে মিথ্যা আশ্বাস দিয়ে নিজেদের বিকাশ বা এজেন্ট নম্বরে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা প্রোফাইলে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত জনৈক ব্যক্তির ছবি, কভার ফটোতে সেনাবাহিনীর গ্রুপ ফটো ও ওয়ারেন্ট কর্মকর্তার পদবি ব্যবহার করে ভুয়া ফেসবুক চালায়। গ্রেপ্তারকৃত মারুফ ও তাজবীরের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে এবং সেই মামলায় তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা এখন কারাগারে।