সাতক্ষীরার কালীগঞ্জের ভূমিহীন পল্লিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার রাতে দুটি মামলা করেছে। মামলায় ৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাগর আলী বাদী হয়ে মামলা দুটি করেছেন। অস্ত্র আইনে একটি এবং হত্যা ও বোমা বিস্ফোরণের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।
আধিপত্য বিস্তার ও জমির দখলকে কেন্দ্র করে কালীগঞ্জের বৈরাগীরচক-চিংড়িখালি ভূমিহীন পল্লিতে গত সোমবার দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে মারা যান এক পক্ষের নেতা আশরাফ আলী মীর (৫৮) ও তাঁর শ্যালক ইসহাক আলী গাজী (৫৫)।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক শহীদুল্লাহ।