সাতক্ষীরায় চার মাছ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন মৎস্য ব্যবসা এবং বাগদা চিংড়িতে অপদ্রব্য ঢোকানোর দায়ে চারজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আবদুল সাদী এ জরিমানা আদায় করেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল বারী বলেন, উপজেলার ব্যাংদহা বাজারে নিবন্ধনবিহীন মৎস্য ব্যবসা, অপরিচ্ছন্ন পরিবেশ ও অপদ্রব্য ঢুকিয়ে মাছ বিক্রির দায়ে মৎস্য ব্যবসায়ী আমিনুর রহমানকে ১ হাজার ৭০০ টাকা, ইব্রাহিম খলিলকে ১ হাজার ২০০ টাকা, সরজিৎ মণ্ডলকে ১ হাজার ২০০ টাকা ও গণেশ দাশকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।