নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বার্মা ইস্টার্ন রোড এলাকায় চোরাই তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিএনপি-সমর্থক নিহত নাজিম উদ্দিন ভূঁইয়ার ভাতিজা আল-আমিন ভূঁইয়া বাদী হয়ে আওয়ামী লীগ-সমর্থক তেল ব্যবসায়ী মামুন প্রধানসহ নয়জন ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন।
এর আগে ১৬ এপ্রিল রাতে চোরাই জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক জসিম উদ্দিন ও আওয়ামী লীগ-সমর্থক মামুন প্রধান নিহত নাজিম উদ্দিন ভূঁইয়াসহ ১৫ জনকে আসামি করে মামলা করেন।