
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলমসহ ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আজ মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশের দিন ধার্য ছিল। এর আগে গত ১৯ জানুয়ারি শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম উদ্দিন প্রথম আলোকে বলেন, দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। আগামী ২৬ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০১৭ সালের ৬ অক্টোবর নগরের নালাপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। ফেসবুকে লেখালেখির জেরে দলীয় কোন্দলের কারণে তাঁকে খুন করা হয় বলে তদন্তে উঠে আসে। সুদীপ্তর বাবার করা মামলায় গত বছরের ১ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওরফে মাসুমসহ ২৪ জনকে আসামি করা হয়। দিদারুলের নির্দেশে খুন এবং আইনুল কাদেরকে নেতৃত্বদানকারী বলা হয় অভিযোগপত্রে। তবে দিদারুল এ অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছেন।
মামলার বাদী ও সুদীপ্তর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানান।