সুদের টাকা না পেয়ে বাড়িতে হামলা, পশু ও মাছ লুট

সুদের টাকা না পেয়ে সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যক্তির গবাদিপশু ও ঘরের মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে ওই পরিবারের চিংড়িঘের থেকে মাছ লুট করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গতকাল বুধবার রমজাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোরা গ্রামের আলমগীর সরদার নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগীর বোন স্বপ্না কয়াল বলেন, তাঁর ভাই স্বপন কয়াল পাশের সোরা গ্রামের গোলাম মোস্তফা সরদারের কাছ থেকে চার মাস আগে ও মানিকখালী গ্রামের রবিউল ইসলাম গাজীর কাছ থেকে এক বছর আগে মাসে ১০ শতাংশ হারে সুদে টাকা নিয়েছিলেন। ইতিমধ্যে আসল টাকার চেয়ে দ্বিগুণ সুদ দিয়েছেন স্বপন কয়াল। কয়েক দিন ধরে গোলাম মোস্তফা সরদার ও রবিউল ইসলাম গাজী বাকি সুদের টাকার জন্য তাঁকে (স্বপন) চাপ দিচ্ছিলেন।
স্বপ্না অভিযোগ করেন, টাকা দিতে না পারায় গতকাল ভোরে গোলাম মোস্তফা সরদার, তাঁর ছেলে সাদ্দাম সরদার ও রবিউলের নেতৃত্বে ১০-১২ জন লোক তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা স্বপনকে খুঁজতে থাকেন। স্বপন তখন কৌশলে পালিয়ে যান। পরে তাঁরা ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করেন। ঘরের মাটির দেয়াল ভেঙে ফেলেন। এরপর একটি বাছুরসহ গাভি, একটি ৫০০ লিটারের পানির ট্যাংক, সৌরবিদ্যুতের প্যানেল, শ্যালো মেশিনসহ বাড়ির অন্যান্য জিনিসপত্র লুট করে নেন। পরে রবিউল ইসলাম সরদার তাঁদের ১৮ বিঘার চিংড়িঘের থেকে মাছ ধরে নিয়ে যান।
রমজাননগর গ্রামের বিমল মণ্ডল বলেন, গতকাল সকাল ছয়টার দিকে তিনি দেখেন স্বপনের বাড়ি থেকে গোলাম মোস্তফা সরদার ও তাঁর লোকজন গাভি, সোলার প্যানেলসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। আর স্বপনের ঘের থেকে রবিউল ইসলাম ও তাঁর লোকজন মাছ ধরছেন।
অভিযোগ সম্পর্কে রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে স্বপনের সমঝোতা হয়, স্বপনের ১৮ বিঘার চিংড়িঘেরটি এখন থেকে তাঁর। সেই মতো তিনি ঘেরটি গতকাল দখলে নিয়ে মাছ ধরেছেন। এ সময় তিনি স্বপনদের বাড়িতে হামলা কিংবা লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
গোলাম মোস্তফা সরদার বলেন, তাঁর কাছ থেকে স্বপন ৪৬ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিছু টাকা পরিশোধ করলেও এখনো ৩৫ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা দিতে না পারায় গতকাল ভোরে তাঁর বাড়ি থেকে বাছুরসহ গাভি নিয়ে এসেছেন। অন্য কিছু নেননি।
বোন শম্পা কয়াল বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেছেন। বাছুরসহ একটি গাভি উদ্ধার করা হয়েছে।