সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল থেকে গতকাল শুক্রবার ভোরে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের ফণিভূষণ মণ্ডল (৩৮) ও পাশ্বেখালী গ্রামের আবুল কালাম সরদার (৩২)। পাশ্বেখালী গ্রামের আবদুল করিম মোল্লা বলেন, তাঁরা তিনজন মাছ ধরতে গিয়েছিলেন। ভোরে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা ফণিভূষণ ও আবুল কালাম সরদারকে অপহরণ করে। তাঁরা মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।