ফেনীর সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রামে গত বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সাত-আটজন সশস্ত্র ডাকাত প্রবাসী নূরুল হকের বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা আলমিরার তালা ভেঙে জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
নুরুল হকের পরিবারের সদস্যদের দাবি, ডাকাতেরা ছয় ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোন, ১৮ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।