ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশ গতকাল বুধবার একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ১৫০ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাজারপাড়ার ওবায়দুল্লাহ ও একই এলাকার সুনীল কর্মকার। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা দর্শনাগামী জে আর পরিবহনের একটি বাস থানার সামনে এলে তাঁরা গতিরোধ করেন। এ সময় বাসে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে সোনার বার ও স্বর্ণের চেন উদ্ধার করা হয়। উদ্ধার করাসোনার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে তিনি জানান।