
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার তদন্তের নথিপত্র কেস ডকেট (সিডি) আজ সোমবারও আদালতে উপস্থাপন করা হয়নি। আগামী ২৬ মের মধ্যে সিডি আদালতে উপস্থাপনের জন্য অবসরপ্রাপ্ত পরিদর্শক ফরিদ উদ্দিনকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–২ এর বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাদিয়া আফরিন। তিনি বলেন, মামলার কেস ডকেট উপস্থাপন না করে তিন দফা আদালতের কাছে সময় চেয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা ফরিদ উদ্দিন। আগামী ধার্য তারিখে আদালতে সিডি হাজির করার নির্দেশনা দেন আদালত। একই সঙ্গে আদালত মামলার আলামত হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৬ বছর আগে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) দপ্তর থেকে ফরিদ উদ্দিন নামের একজন পুলিশ পরিদর্শক সোহেল চৌধুরী খুনের মামলার কেস ডকেট নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান মেলে সেই অবসরপ্রাপ্ত পরিদর্শক ফরিদ উদ্দিনের।
আজ শুনানির সময় কারাগার থেকে আসামি আশিষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন, তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। হাজিরা দিয়েছেন জামিনে থাকা আসামি ফারুক আব্বাসীও। জামিনে থাকা অপর আসামি আদনান সিদ্দিকীর পক্ষ থেকে হাজিরার জন্য সময় চেয়ে আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ট্রামস ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয় । এ ঘটনায় তাঁর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
এ মামলায় ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের পর আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট রুল ডিসচার্জ (খারিজ) করেন এবং এর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রায় দেন।