পারিবারিক কলহের জেরে গত সোমবার রাতে নারায়ণগঞ্জ বন্দরের আমিন আবাসিক এলাকায় স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। আহত গৃহবধূর নাম মণি বর্মণ (৩৩)। অ্যাসিডে তাঁর হাত ও মুখমণ্ডল ঝলসে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মণির ভাই খোকন চন্দ্র বর্মণ গতকাল বুধবার বন্দর থানায় মামলা করেছেন।
নরসিংদীর রায়পুর থানার নরেন্দ্র বর্মণের মেয়ে মণি বর্মণের সঙ্গে ১৪ বছর আগে চাঁদপুরের মতলব থানার ষাটনল বাজার এলাকার নিরঞ্জন বর্মণের (৩৮) বিয়ে হয়। তাঁদের সংসারে আদিত্য বর্মণ (১৩) ও উদয় বর্মণ (৮) নামে দুটি সন্তান রয়েছে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় ঋষিপাড়ার হাকিম মিয়ার বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। বন্দরের একটি সমিতিতে কাজ করেন মণি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিরঞ্জন ও মণির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যায় মণি বন্দরের আমিন আবাসিক এলাকায় সমিতির চাঁদা তুলতে গেলে নিরঞ্জন তাঁর পিছু নেন। একপর্যায়ে তিনি রাস্তায় স্ত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে পালানোর চেষ্টা করেন। তখন জনতা তাঁকে ধরে মারধর করে পুলিশে দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে কেউ মামলা না করায় নিরঞ্জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।