স্ত্রীকে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এরপর স্বামী নওশের শিকদার (৪৫) পালিয়ে গেছেন।
থানা-পুলিশ, গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নওশের শিকদার মাদকাসক্ত ছিলেন। তিনি কার্গো জাহাজে চাকরি করতেন। দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল সকালে দুজনের ঝগড়ার একপর্যায়ে নওশের পারুলকে ঘরে আটকিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এরপর তিনি পালিয়ে যান। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিকেলে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।