
তিন মাস আগে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া টেঙ্গুরী এলাকা থেকে অপহৃত হয় দেড় বছরের আঁখি। তখন রাজমিস্ত্রি বাবা সাদ্দাম হোসেন ও মা মিরা আক্তার কেউই ছিলেন না বাসায়। ঘরের দাওয়ায় বসে পাঁচ বছরের বড় ভাইয়ের সঙ্গে খেলছিল আঁখি। হঠাৎ সে উধাও। এর পর থেকে চলছিল খোঁজ।
অবশেষে গাজীপুরের কালিয়াকৈর থানার রতনপুর এলাকার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব-৪ এর একটি দল। রংপুর থেকে গ্রেপ্তার হন অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান সন্দেহভাজন আসামি মো রাশেদুল ইসলাম (৩০), আর গাজীপুর থেকে গ্রেপ্তার হন রাশেদুলের ফুফু রোকসানা বেগম।
আজ মঙ্গলবার কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খবর জানান র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, জিজ্ঞাসাবাদে রাশেদুল জানিয়েছেন, সম্প্রতি তাঁর স্ত্রী তাঁকে ও একমাত্র সন্তানকে রেখে চলে গেছেন। তিনি শিশুটিকে অপহরণ করেছিলেন স্ত্রীর খোঁজ পেতে। কারণ, তাঁর স্ত্রী ও আঁখির মা মিরা আক্তার একই পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অপহরণের পর রাশেদুল শিশুটিকে তাঁর ফুপু রোকসানা বেগমের জিম্মায় রাখেন। কন্যাসন্তানের জন্য কাতর ওই ফুপুর কাছে আঁখি আদরেই ছিল। শুধু শিশুটির মা মিরা আক্তার গত তিন মাস মেয়ের শোকে অনবরত কেঁদেছেন।
রাশেদুল বেশ কয়েক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের সাত বছর বয়সী একটি ছেলেও আছে। সম্প্রতি তাঁর স্ত্রী তাঁকে ও একমাত্র সন্তানকে রেখে চলে গেছেন। তাঁর বিশ্বাস ছিল, মিরা তাঁর স্ত্রীর খবর জানেন। এই ধারণা থেকেই তিনি মিরাকে অনুসরণ করছিলেন।
স্ত্রীর খবর পেতে রাশেদুল একপর্যায়ে সাদ্দাম ও মিরা দম্পতির ভাড়াবাড়িতে যান। তবে বাড়ির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তি না থাকায় ফিরে যান। গত ৩১ মার্চ আবারও রাশেদুল ওই বাসায় যান।
এ সময় সাদ্দাম ও মিরার দুই সন্তান মিরাজ ও আঁখি বাসার সামনে রাস্তায় বসে খেলছিল। রাশেদুল এ সময় মিরাজকে ১০ টাকা দিয়ে চকলেট কিনতে পাঠায়। মিরাজ দোকানে গেলে রাশেদুল শিশু আঁখিকে নিয়ে পালিয়ে যান।
ঘটনার পরদিন আঁখির দাদা বাদী হয়ে শিশু অপহরণ মামলা করেন।
এক সপ্তাহ পর আঁখির মা-বাবাকে ফোন করেছিলেন রাশেদুল। স্ত্রীর ঠিকানা জানালে আঁখিকে ফেরত দেবেন বলে জানিয়েছিলেন তিনি। আদতে আঁখির বাবা-মা রাশেদুলের স্ত্রী কোথায় থাকেন, জানতেন না। একপর্যায়ে রাশেদুল ৩০ হাজার টাকা মুক্তিপণও চান। কিন্তু বিকাশে ২০ হাজার টাকা পাঠালেও রাশেদুল তা তোলেননি।
র্যাবের ধারণা, বিকাশে লেনদেনের সূত্র ধরে শনাক্ত হতে পারেন, এই আশঙ্কা থেকে রাশেদুল টাকাটা তোলেননি। এমনকি গ্রেপ্তারের আগ পর্যন্ত মুঠোফোনও ব্যবহার করেননি।
এরপরও রাশেদ ধরা পড়ে যান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আঁখিকে উদ্ধার করা হয়। র্যাবকে রাশেদুল জানিয়েছেন, তিনি আশুলিয়ার জিরানীবাজার এলাকায় থাকতেন। তবে আঁখিকে অপহরণের পর ফুফুর কাছে রেখে রংপুরে গ্রামের বাড়ি চলে যান। তিনি আরও দাবি করেছেন, দিন দশেক পর রোকসানাকে অনুরোধ করেছিলেন আঁখিকে যেন ফিরিয়ে দেওয়া হয়। রোকসানা কথা শোনেননি।
অন্যদিকে রোকসানা র্যাবকে বলেছেন, শিশুটি নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছিল রাশেদুল। স্ত্রী চলে যাওয়ার পর রাশেদুলের চালচুলোর ঠিক নেই। সে কারণে তিনি শিশুটিকে রাশেদুলকে ফিরিয়ে দেননি।
র্যাব বলছে, শিশুটির দাদার দায়ের করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে, তাঁদের কারোরই অতীতে অপরাধের কোনো রেকর্ড নেই।