ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলরত সদস্যদের ওপর হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পুটিমারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন হাবিলদার আফসার উদ্দিন ও সিপাই মো. রুবেল।
বিজিবি ১১, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পুটিমারি বাজারের পাশের সড়ক দিয়ে যাচ্ছিলেন বিজিবি ১১-এর মাধুপাড়া ক্যাম্পের সাতজন সদস্য। এ সময় নাজিম উদ্দিন, মোসলেম উদ্দিন, আবদুর ছালাম ও মো. হারুনসহ বেশ কয়েকজন স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী তাঁদের ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীদের বল্লমের আঘাতে মাধুপাড়া ক্যাম্পের দায়িত্বরত হাবিলদার আফসার উদ্দিন ও সেপাই মো. রুবেল আহত হন।