সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার ইউনিয়নের অলিদহ পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে ইউপি সদস্য প্রার্থী অলিদহ পূর্বপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও লাল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুজনের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। গুরুতর আহত নামদার আলী (৩৬), বাবলু মিয়া (৩৩) ও হাফিজুল ইসলামকে (২৮) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একটি পক্ষ বাদী হয়ে থানায় মামলা করেছে।