ই-অরেঞ্জের অর্থ আত্মসাতের মামলার তদন্ত শেষ করা যাচ্ছে না সাবেক এই পুলিশ কর্মকর্তাকে ফিরিয়ে আনতে না পারায়।

ঢাকার বনানী থানার সাবেক পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে আট মাসেও ভারত থেকে দেশে ফেরত আনতে পারেনি সরকার। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ভারতের এনসিবিকে আট দফা চিঠি দিয়েছে। চিঠির উত্তরে তারা সোহেল রানাকে ফেরত পাঠানোর বিষয়ে কিছু বলেনি।
এদিকে সোহেল রানাকে দেশে আনতে না পারায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে হওয়া ৯ মামলার তদন্ত আট মাসেও শেষ হয়নি। তাঁকে শিগগিরই ফেরত আনা যাবে, এমন আশাও করা যাচ্ছে না। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কারাগারে রয়েছেন।
এনসিবির সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ভারতের এনসিবিকে আটবার চিঠি দেওয়া হয়েছে। ভারত দুবার জবাব দিয়েছে। তারা জানিয়েছে, সোহেল রানার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলার বিচার চলছে। এর বাইরে অন্য কোনো তথ্য তারা দিচ্ছে না। তিনি আরও বলেন, ভারতে সোহেল রানার বিরুদ্ধে হওয়া মামলার বিচার শেষ হওয়ার পর হয়তো তাঁকে দেশে ফেরত আনা যাবে।
গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে দেশের যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে একটি ই-অরেঞ্জ। গত বছরের ১৮ আগস্ট ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়। এরপর বনানী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সোহেল রানার নাম আলোচনায় আসে। সোহেল রানা, তাঁর কথিত স্ত্রী নাজনীন নাহারসহ অন্যদের আসামি করে গত বছরের ২ সেপ্টেম্বর আরেকটি মামলা হয়। মামলার পর সোহেল রানা দেশ থেকে পালিয়ে যান।
এখন পর্যন্ত সোহেল রানা, তাঁর কথিত স্ত্রী নাজনীন নাহার, বোন সোনিয়া মেহজাবিন ও ভগ্নিপতি মাশুকুর রহমানের বিরুদ্ধে মোট নয়টি মামলা হয়েছে। এসব মামলায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগ আনা হয়েছে। সোনিয়া মেহজাবিন ও মাশুকুর রহমান এখন কারাগারে। নাজনীন নাহার পলাতক।
মামলাগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তদন্ত করছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, গ্রাহকের কাছ থেকে আত্মসাৎ করা টাকার পরিমাণ কত এবং তা সরিয়ে আসামিরা কোথায় নিয়েছেন, এসব তথ্য পেতে সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
অনুসন্ধান তদারক কর্মকর্তা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সোহেল রানার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে। আর সোহেল রানাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।
সোহেল রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলা তদন্ত করছে সিআইডির সাইবার পুলিশ কেন্দ্র (সিপিসি)। মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিপিসির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বলেন, সোহেল রানার ব্যাপারে তথ্য চেয়ে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে তথ্য পাওয়া গেলে তদন্ত এগিয়ে নেওয়া যাবে।