'বিদ্রোহী'র সমর্থকদের ওপর হামলা

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ‘বিদ্রোহী’ প্রার্থীর তিনজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর।
গতকাল রোববার ত্রিশাল শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় পুলিশ আওয়ামী লীগের প্রার্থীর চারজন সমর্থককে আটক করেছে।
আহতরা হলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। আকরাম হোসেনকে গতকাল বেলা তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।