লাশ
লাশ

হাজারীবাগে ঢাবির শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে।

শিক্ষার্থীর নাম সাইদুল আমিন ওরফে সীমান্ত (২৫)। তিনি ঢাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। সাইদুল হাজারীবাগের মনেশ্বর রোডের পাঁচতলা একটি বাড়ির নিচতলায় মেসে থাকতেন।

চাচা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পেরেছেন, গত রাতে বিষাক্ত কিছু খেয়েছিলেন সাইদুল।

ঘটনার বিষয়ে রুহুল আমিন বলেন, সাইদুল যে কক্ষে থাকতেন, সেটির দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। তাঁর রুমমেট বাইরে থেকে এসে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিকসহ অন্যরা এসে দরজা ভেঙে সাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে সাইদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানায় জানানো হয়েছে।

সাইদুলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। তাঁর বাবার নাম সদরুল আমিন। তিনি একটি ব্যাংকে চাকরি করেন। সাইদুল এক ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন।