গ্রেপ্তার মো. সবুজ বিশ্বাস
গ্রেপ্তার মো. সবুজ বিশ্বাস

অবশেষে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের পৌনে দুই বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার কুষ্টিয়ার কোর্ট স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

২০২৪ সালের ২৭ অক্টোবর মিরপুরের ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার কাজী আবদুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে নিজ বাসায় হত্যা করা হয়। ওই ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়।

র‍্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী বলেন, ঘটনার পরদিন অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. মিলন মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি এবং মামলার অভিযোগপত্র অনুযায়ী, নিরাপত্তাকর্মী মিলন মিয়া ও গাড়িচালক সবুজ বিশ্বাস একসঙ্গে বাসায় ঢুকে ফারাহ দীবাকে আক্রমণ করেন। তাঁরা ফারাহ দীবাকে পেছন থেকে জাপটে ধরে মেঝেতে ফেলে দেন।

এ সময় সবুজ বিশ্বাস ফারাহ দীবার মুখ চেপে ধরেন। পরে মিলন মিয়া তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং মুখ গামছা দিয়ে পেঁচিয়ে দেন। এতে শ্বাস রোধ হয়ে ফারাহ দীবা মারা যান। হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আসামিরা আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান। তদন্তে প্রমাণিত হয়েছে, লুটপাটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

আলোচিত এ হত্যাকাণ্ডে অভিযুক্ত সবুজ বিশ্বাস দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১২ যৌথভাবে নজরদারি চালিয়ে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।