রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জি এম কাদের ও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যান। তাঁরা নানা স্লোগান দেন। পরে তাঁরা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেননি।
ঘটনার পর জি এম কাদের প্রথম আলোকে বলেন, তিনি সকালের নাশতা সেরে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন, বাসার বাইরে হইচই হচ্ছে। তাঁর নাম ধরে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। এক থেকে দেড় শ লোক ছিল বলে মনে হয়েছে তাঁর। এরপর লোকজন তাঁর বাসায় ঢিল ছোড়া শুরু করেন। এতে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেননি। থানায় ফোন দিলে পুলিশ আসে। এর মধ্যে হামলাকারীরা চলে যান। পুলিশ এখনো বাসার সামনে অবস্থান করছে।
হঠাৎ করে কেন এই হামলা হলো, তা বুঝতে পারছেন না বলে উল্লেখ করেন জি এম কাদের।
হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান।
হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।