
রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রবীন্দ্র সরোবর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধানমন্ডি থানা-পুলিশ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম শাহাদত হোসেন মজুমদার (৫১)। তাঁর লাশটি উদ্ধার করে আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, শাহাদতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। তাঁর লাশের ময়নাতদন্ত হবে।
নিহত শাহাদতের বড় ভাই মোতালেব হোসেন বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে শাহাদত কলাবাগানের বাসা থেকে বের হন। তিনি ধানমন্ডির লেকপাড়ে হাঁটাহাঁটি করতে গিয়েছিলেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও বাসায় না ফেরায় তাঁরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খোঁজ না পেয়ে তাঁরা ধানমন্ডি থানায় যোগাযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ লেকের পাড় থেকে শাহাদতের রক্তাক্ত লাশ উদ্ধারের কথা তাঁদের জানায়।
মোতালেব হোসেন বলেন, তাঁর ভাই বিদেশি জাহাজে প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন।
পরিবার ও পুলিশ বলছে, শাহাদতের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বাবার নাম আবদুল বারী মজুমদার। দুই ভাই দুই বোনের মধ্যে শাহাদত ছিলেন ছোট। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা। তাঁর স্ত্রীর নাম আজমির সুলতানা।