কোস্টগার্ডের হাতে আটক তিনজন
কোস্টগার্ডের হাতে আটক তিনজন

সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: কোস্টগার্ড

সুন্দরবনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি স্লুইসগেট–সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ বুধবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার বাসিন্দা আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)।

কোস্টগার্ডের দাবি, আটক ব্যক্তিরা জোনাব বাহিনীর সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে শ্যামনগর থানার হরিণটানা খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে কোস্টগার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের অংশ হিসেবেই সাম্প্রতিক অভিযানটি চালানো হয়।