যাত্রী সেজে অটোরিকশাচালককে খুন, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় সিএনজিচালিত অটোরিকশার চালক আলী হোসেন হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাজধানীর শনির আখড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর হোসেন ওরফে বাঘা (৪৩), নীলচাঁন মিয়া (৩৫) ও আবদুল মান্নান।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০–এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর।

র‌্যাবের তথ্য বলছে, বৃহস্পতিবার গভীর রাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু এলাকায় অবস্থান করছিলেন আলী হোসেন। সেদিন রাতে যাত্রী সেজে অটোরিকশাটি ভাড়া করেন ছিনতাইকারী দলের কয়েকজন সদস্য। পরে ডেমরা এলাকায় আসার পর মারধর করে তাঁকে হত্যা করেন চক্রের সদস্যরা। ঘটনার দিন স্থানীয় ব্যক্তিরা আল আমিন নামের একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। তবে অন্যরা পালিয়ে যান।

র‌্যাব জানিয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যরা ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিলেন। চক্রটি রাতের বেলা যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয়।